google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল, ৭২ ঘণ্টার মধ্যে পণবন্দী মুক্তি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। চুক্তি অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে আটক ইসরাইলি পণবন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে অনুমোদিত এই চুক্তির আওতায় ইসরাইলি পণবন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, “সরকার এইমাত্র জীবিত ও নিহত সব পণবন্দীকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।”
চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর গাজা ও ইসরাইলে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস নেতা খলিল আল-হায়্যা জানান, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা যুদ্ধের অবসানের নিশ্চয়তা দিয়েছেন।
চুক্তি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সহায়তাবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশের অনুমতি পাবে। ইসরাইলি হামলায় গৃহহীন লাখ লাখ ফিলিস্তিনি বর্তমানে শরণার্থীশিবিরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।