google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: কাকরাইলে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে নেওয়া হচ্ছে —
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করে এ ঘটনার আইনানুগ তদন্ত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তারেক রহমান লিখেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময়ে আছি। এ পরিস্থিতিতে সবার সংযমী ও সহনশীল থাকা জরুরি। গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে গুরুত্ব দিয়ে মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে হবে, যাতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা যায়। কেবল গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়ন করা সম্ভব এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করা যায়।”
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত সোয়া ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত নুরকে হাসপাতালে নেওয়া হয়।