google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: খুলনা আদালত ফটকের সামনে গুলিতে দুইজন নিহত
খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
পুলিশ জানায়, রাজনের নামে ছয়টি ও হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা এই দুই আসামি আদালতে হাজিরা দিয়ে বাইরে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এমন সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, সম্প্রতি তাঁর ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়েছে এবং সেই মামলার হাজিরা দিতেই তিনি আদালতে এসেছিলেন।
খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত শুরু হয়েছে। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।”