রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় বাসটি থামায়। এরপর তারা বাসে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে নামিয়ে দেয়। যাত্রীরাও দ্রুত নেমে যান। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসের সামনের কাচে গুলি ছুড়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবহন কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সম্প্রতি কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।