সিলেটে সিআইডির এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাইবার মামলার পলাতক আসামি, ছাত্রলীগ নেতা রহিম উদ্দিন রাজু (৩৩), পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর মজুমদারি এলাকার সৈয়দ বাড়ীর একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম কোনাগ্রামের রফিক উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় বসবাস করছিলেন এবং নিজেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি ড. মো. আল মামুনুল আনসারী জানান, রাজু সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার রাত ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির খোরশেদ আলম তাকে গ্রেফতার করতে গেলে রাজু ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে খোরশেদ আলমের বাম বগলের নিচে প্রায় তিন ইঞ্চি গভীর ক্ষত হয় এবং তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালী থানা ও এয়ারপোর্ট থানার যৌথ অভিযানে মজুমদারি এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে তার পরিচয় হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য লেখা ছিল।
সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রহিম উদ্দিন রাজুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনসহ মোট ৬টি মামলায় অভিযোগ রয়েছে।