google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঢাকায়-ঝটিকা-মিছিল-থেকে-এ-বছর-প্রায়-৩-হাজার-আ.লীগ-নেতা–কর্মী-গ্রেপ্তার
রাজধানীর সাতটি স্থানে আজ শুক্রবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে ঢাকায় এমন কর্মসূচি থেকে প্রায় তিন হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে আটক হওয়া নেতা–কর্মীদের যাচাই–বাছাইয়ের পর গ্রেপ্তার করা হয়েছে।
আজকের অভিযানে শেরেবাংলা নগর থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে থেকেও অনেকে টাকার বিনিময়ে এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। যাঁরা আর্থিক সহায়তা দিচ্ছেন, তাঁদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
তালেবুর রহমান আরও বলেন,
“এই ধরনের মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি ও রাজনৈতিক উপস্থিতি জানান দিতে চাচ্ছে কিছু গোষ্ঠী। তবে আমরা প্রস্তুত আছি—যেকোনো অপতৎপরতা দমন করার সক্ষমতা পুলিশের রয়েছে।”
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।