google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনের ভোটার হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকা-১০ আসনের ভোটার হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ছবির ক্যাপশন: ঢাকা-১০ আসনের ভোটার হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা
ad728

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। এজন্যই তিনি রাজধানীর ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন করেছেন।

রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমণ্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করার ইচ্ছা আছে, তাই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে এলাম। আগে ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি—২০১৮ ও ২০২৪ সালে কেউই পারেনি। এবার যেন নিজের ভোট দিতে পারি, সেই নিশ্চয়তাই করছি।”

তিনি আরও বলেন, “কোন এলাকা থেকে প্রার্থী হব, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইনশাআল্লাহ, ঢাকা থেকেই করব।”

রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। পরে দেখা যাবে।”

বিএনপি এখনো ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা না দেওয়ায় প্রশ্ন ওঠে, এই আসনটি কি তাঁর জন্য ফাঁকা রাখা হয়েছে? জবাবে আসিফ মাহমুদ বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো দল কোন আসন ফাঁকা রাখল কি না, সেটা আমার জানার বিষয় নয়। সিদ্ধান্ত নেব আমি নিজে।”

সরকার থেকে পদত্যাগের সময়সূচি নিয়ে তিনি বলেন, “আমি নিশ্চিতভাবে নির্বাচন করব। তবে কখন পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। খুব শিগগিরই বিষয়টি জানানো হবে।”

ধানমণ্ডি এলাকায় স্থায়ীভাবে থাকার পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, “যেহেতু এই এলাকায় থাকব, তাই এখানকার ভোটার হওয়াটাই স্বাভাবিক। ভোট যেন অপচয় না হয়, সেটাই চেয়েছি।”

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, তাদের মতামত পাওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, “এই সরকারের তিনটি মূল লক্ষ্য ছিল—সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। তিনটিতেই কাজ এগোচ্ছে। বিচার সংক্রান্ত বিষয়ে এ মাসের মধ্যেই বড় অগ্রগতি হবে বলে আশা করছি।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকে প্রস্তুত করছে এবং সহযোগিতা চাচ্ছে।”

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, “এ মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এখনো সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছি, পরে কথা বলব।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ