উনসত্তরের গণ–অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। ৮২ বছর বয়সী এই নেতা গত ২৭ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা বিব্রত হয়েছেন। জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, “তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তাঁর হৃদ্যন্ত্র কাজ করছে। তবে তেমন কোনো পরিবর্তন নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাইছি।”
পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। ২০২৪ সালের শুরু থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বেশির ভাগ সময় বাসায় থাকতেন। কয়েক দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বশেষ তাঁকে ২৭ সেপ্টেম্বর ভর্তি করা হয়।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। ১৯৬৯-এর গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি পান। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। নয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ দেশের রাজনীতিতে ছয় দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।