অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রবিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময়সভায় জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলে যোগদানের বা নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই।
তিনি বলেন, “আমার বয়স ৭৩ বছর, নতুন কোনো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই। আগামী নির্বাচনে প্রার্থীও হব না।” তবে তিনি আশ্বাস দিয়েছেন, আগামী নির্বাচন স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ হবে। সন্দ্বীপবাসীকে তিনি পরামর্শ দেন, উপজেলার জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ ও সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে ভোট দেবেন।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে না। উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা বরাদ্দগুলো ভাগ-বাটোয়ারা করে নেই। তিনি হুঁশিয়ারি দেন, আগের বরাদ্দে রাস্তা কাজ শেষ না হলে নতুন বরাদ্দ দেওয়া হবে না।
সন্দ্বীপবাসীর নৌযাতায়ত সুবিধা বৃদ্ধির জন্য ফাওজুল কবির জানান, আগামী ডিসেম্বরে একটি সি-ট্রাক চালু করা হবে। এছাড়া গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।