google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যাওয়া সেনা টহল ভ্যান।
রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় আটজন সেনাসদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক ও সেনা টহল ভ্যান উভয়ই সড়কের পাশের খাদে পড়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাকশিমইল গ্রামে সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে। রাতের টহল শেষে ভোরের দিকে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ক্যাম্পে প্রবেশ করছিল। সকাল পৌনে ৫টার দিকে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে একটি ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় গাড়ি খাদে পড়ে যায়।
ওসি আতাউর রহমান আরও জানান, দুর্ঘটনায় ভ্যানে থাকা আট সেনাসদস্য ও ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন সেনাসদস্যের অবস্থা গুরুতর। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে রয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।