google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধের পাশ থেকে আওয়ামী লীগ নেতা বিজন কুমার দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিজন কুমার দের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজন কুমার দে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং চিংড়ি রেণুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মরদেহে বিশেষ করে দুই পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাঁকে হত্যা করা হয়েছে।
বিজনের ছোট ভাই নির্মল দে জানান, মঙ্গলবার বিকেলে বিজন কুমার স্থানীয় পাইথালী বাজারে গিয়েছিলেন। রাতে আর বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে তাঁর ছেলে প্রণব দে ফোন করলে মোবাইল বন্ধ পান। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান, পাশের বেড়িবাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে প্রণব গিয়ে মরদেহ শনাক্ত করেন।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত বিজন কুমারের ছেলে প্রণব দে বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।