জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলাকালীন বেলা ১১টার দিকে মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বরিশালের ক্রিকেটার মঈন খান জানিয়েছেন, মাঠে প্রাথমিক শুশ্রুষা দেওয়ার পর তাঁকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে ৪৭ বছর বয়সী হাসান মারা যান।
হাসান আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি এক যুগেরও বেশি সময় বরিশালের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন।
হাসান আহমেদের প্রতি সম্মান জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগে সন্ধ্যা ৬টায় এক মিনিট নীরবতা পালন করা হবে। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ দিনে মাঠে নামা দলগুলোও তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে।