ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপে দারুণ ছন্দে ফিরেছে ইতালি। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারানোর পর ইসরায়েলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জেনারো গাত্তুসোর দল। পরপর দুটি জয়ের পরও গাত্তুসো বলছেন, বিশ্বকাপের টিকিট না পেলে তিনি ইতালি ছেড়ে যাবেন।
বর্তমানে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে আছে ইতালি। শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮ এবং গোল ব্যবধানও (+২৬) অনেক এগিয়ে ইতালির (+১০) চেয়ে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে ইতালিকে। বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ মলদোভা ও নরওয়ে।
গত জুনে লুসিয়ানো স্পালেত্তির জায়গায় দায়িত্ব নেওয়া গাত্তুসোর অধীনে ইতালি এখন পর্যন্ত চারটি ম্যাচেই জয় পেয়েছে, গোল করেছে ১৬টি। তবে এই সফলতাকে খুব একটা মূল্য দিচ্ছেন না তিনি। সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন, “শুধু ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারলেই আমি কৃতিত্ব নেব। যদি না পারি, তাহলে ইতালি ছেড়ে চলে যাব।”
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলতে পারেনি। এবার সেই হতাশা মুছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ গাত্তুসো ও তাঁর দল।