ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গুরুতর চোট পান তিনি। সিডনির এক হাসপাতালে নিবিড় পরিচর্যায় (ICU) রাখা হয়েছিল আইয়ারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তার চিকিৎসা চলছে এবং সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তলপেটে চোট পেয়ে আইয়ারের প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত হয়। তবে তা দ্রুত শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসায় রক্তপাত বন্ধ করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল।
২৮ অক্টোবর পুনরায় করা স্ক্যানে উন্নতি লক্ষ্য করা গেছে। বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আইয়ারের সুস্থতার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
এর আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, চোটের খবর পাওয়ার পরেই আইয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন। আইয়ার ফোনে উত্তর দিচ্ছেন, যা তার স্থিতিশীলতার ইঙ্গিত।
২৫ অক্টোবর সিডনির এসসিজিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়েন আইয়ার। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে না হলেও হাসপাতালে পরীক্ষা করায় ভেতরের ক্ষত ধরা পড়ে। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে।