হত্যা ও মারাত্মক জখমের অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি আবেদন ১৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে, ৯ নভেম্বর হত্যা ও মারাত্মক জখমের অভিযোগে দায়ের হওয়া পাঁচ মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দেন। এর মধ্যে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
রাষ্ট্রপক্ষ ১০ নভেম্বর তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে, যা সেদিন শুনানির জন্য ওঠে, তবে আদালত “নট টুডে” (অর্থাৎ সেদিন নয়) মন্তব্য করেন। পরবর্তীতে বাকি দুই মামলায়ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে।
আজ বুধবার পাঁচটি মামলার সব আবেদন একসঙ্গে শুনানির জন্য ওঠে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।
আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আইভী ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র এবং পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র।