ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই পরোক্ষেই মামদানির কঠোর অবস্থান সামনে আসে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের সময় মামদানি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি অ্যাডামসকে নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এবিসি৭–এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক একটি ‘আন্তর্জাতিক আইনের শহর’। তাই নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা ২০২৪ সালের গ্রেপ্তারি পরোয়ানা এখানে বহাল থাকবে। ওই পরোয়ানায় গাজার বেসামরিক জনগণের ওপর হামলা এবং ক্ষুধাকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মামদানি বলেন, “আন্তর্জাতিক আইনের শহর হওয়া মানে সেই আইনকে সুরক্ষা দেওয়া। সেটা বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেই হোক বা ভ্লাদিমির পুতিনের জন্য।”
গত অক্টোবর ফক্স নিউজের এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে তিনি দ্বিধা করবেন না। এবারও তিনি একই অবস্থান বজায় রেখে বলেন, নতুন আইন আনার পথে তিনি হাঁটবেন না; বরং বিদ্যমান আইনের মধ্যেই সব সম্ভাবনা খুঁজবেন। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়ন পদ্ধতিরও সমালোচনা করেন।
এদিকে সিবিএস জানিয়েছে, দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে ‘ট্রানজিশন’ দলের খরচ মেটাতে সমর্থকদের কাছ থেকে অনুদান চাইছেন মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাদের প্রচারণা তহবিলে এখন পর্যন্ত ১০ লাখ ডলার সংগ্রহ হয়েছে, যদিও প্রয়োজন আরও ৪০ লাখ ডলার।