google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৫
কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৫। কিআ পাঠকদের জন্য বছরের সবচেয়ে বড় এই আনন্দের আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কেআইবি মিলনায়তনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনব্যাপী চলবে এই উৎসব। কার্নিভ্যালে অংশ নিতে আগাম নিবন্ধন বাধ্যতামূলক।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কিআ কার্নিভ্যাল সাজানো হয়েছে তারকা, গুণীজন ও কিশোর আলোর পাঠকদের মিলনমেলায়। আয়োজনের মধ্যে থাকছে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কার্টুন, মানি ম্যানেজমেন্টসহ নানা বিষয়ের কর্মশালা। সংশ্লিষ্ট ক্ষেত্রের গুণী ও জনপ্রিয় ব্যক্তিত্বরা এসব কর্মশালা পরিচালনা করবেন। পাশাপাশি সংগীত ও অভিনয় জগতের তারকারা কিআ পাঠকদের সঙ্গে আড্ডায় অংশ নেবেন। দেশসেরা লেখক, ছড়াকার ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা শোনাবেন তাঁদের অনুপ্রেরণার গল্প। জনপ্রিয় শিল্পীদের গান, গেম শোসহ নানা আয়োজনে জমজমাট হবে পুরো কার্নিভ্যাল।
বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে এই কার্নিভ্যালে অংশ নিতে পারবে। প্রতিটি অংশগ্রহণকারীর সঙ্গে একজন অভিভাবক (বাবা অথবা মা) প্রবেশের সুযোগ পাবেন। নিবন্ধন সম্পন্ন হলে অংশগ্রহণকারীরা ই-মেইলে ছবিযুক্ত ই-টিকিট পাবেন, যা রঙিন প্রিন্ট করে সঙ্গে আনতে হবে এবং সেটিই কার্নিভ্যালের প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
কার্নিভ্যাল প্রাঙ্গণে প্রবেশের সময় প্রবেশপত্র যাচাই করা হবে এবং অংশগ্রহণকারীদের হাতে বিশেষ সিল দেওয়া হবে, যা বের হয়ে পুনরায় প্রবেশের সময় দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনবার উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন।
আয়োজকেরা জানিয়েছেন, কার্নিভ্যাল প্রাঙ্গণে কোনো স্পট রেজিস্ট্রেশন, ইন্টারনেট বা প্রিন্ট সুবিধা থাকবে না। পুরো আয়োজন থাকবে ধূমপান ও মাদকমুক্ত পরিবেশে। নিরাপত্তার স্বার্থে উৎসব প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রয়োজনে তল্লাশি করা হতে পারে।
সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৫ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গোল্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মাইটি চিপ্স।
কিআ কার্নিভ্যালে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন নির্ধারিত লিংকের মাধ্যমে।