আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে এই সিরিজ আয়োজনের কথা ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত সিরিজটিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অংশ নেওয়ার কথা ছিল।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে এসিবি জানায়, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যাঁরা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, নিহত ক্রিকেটাররা—কবির, সিবঘাতুল্লাহ ও হারুন—শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এ ঘটনায় আরও পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
এসিবি জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদস্বরূপ তারা নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছর এটি হতে পারত আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। গত আগস্টে এশিয়া কাপের আগে দুই দল একই ধরনের সিরিজে অংশ নেয়। তবে পাকিস্তানের মাটিতে এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় অংশগ্রহণ।
সিরিজের সূচি অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এবং আবার ২৩ নভেম্বর। তবে সাম্প্রতিক এই ঘটনায় সিরিজ আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে অবনতির দিকে যাচ্ছে। হামলার ঘটনার পর এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো মন্তব্য জানায়নি।