দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এ বছরের সর্বোচ্চ—১ হাজার ১৪৩ জন রোগী। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন ও রাজশাহী বিভাগে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ২৮২ জন, বরিশাল বিভাগে ১৮৬ জনসহ অন্যান্য বিভাগেও উচ্চ হারে সংক্রমণ দেখা গেছে।
এ পর্যন্ত চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট ৬৫ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৪৪৪ জন।
গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছিল—মারা যান ৭৬ জন, আক্রান্ত হন ১৫ হাজার ৮৬৬ জন। তবে চলতি অক্টোবরেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের সব মাসকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত অক্টোবরেই মারা গেছেন ৬৫ জন এবং ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই এ বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর এমন বিস্তার রোধে প্রয়োজন মশা নিয়ন্ত্রণে জরুরি ও সমন্বিত উদ্যোগ, পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি।