google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: দক্ষিণ চীন সাগরে আধাঘণ্টার ব্যবধানে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
দক্ষিণ চীন সাগরে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবারের এই ঘটনায় উভয় আকাশযানের সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর অধীনে থাকা একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত মিশন পরিচালনার সময় দুর্ঘটনায় পড়ে।
এর প্রায় আধা ঘণ্টা পর, বিকেল সোয়া ৩টার দিকে একই জাহাজ থেকে নিয়মিত অভিযান চালানোর সময় স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২ ‘ফাইটিং রেডককস’-এর অধীনে থাকা একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়।
উভয় দুর্ঘটনায় জড়িত ক্রু সদস্যরা নিরাপদে বেরিয়ে আসেন এবং উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয় বলে জানায় মার্কিন নৌবাহিনী।
দক্ষিণ চীন সাগর চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্কিত এলাকা হিসেবে পরিচিত। ওই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কার্যক্রম প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে।
ঘটনাটি এমন সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে।