google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: দেশে প্রথমবার টাইফয়েড টিকা কর্মসূচি শুরু, এক মাসে টিকা পাবে পাঁচ কোটি শিশু
দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার। মাসব্যাপী এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়।
বাসসের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা এই টিকা গ্রহণ করতে পারবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। এর বাইরে যেসব শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে যায় না, তাদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে।
এছাড়া শহর এলাকার পথশিশুদের টিকা প্রদান করবে বিভিন্ন এনজিও। ইতিমধ্যে প্রায় ১ কোটি ৬৮ লাখ শিশু টিকার জন্য নিবন্ধন করেছে, এবং নিবন্ধন প্রক্রিয়া এখনো চালু আছে।
সকালের টিকাদান কার্যক্রমে অংশ নেওয়া শিশুদের অনেকেই জানায়, তারা টিকা নিতে কোনো ভয় পাচ্ছে না—বরং সুস্থ থাকার জন্য উৎসাহিতভাবেই অংশ নিচ্ছে।