ঢাকাবাসীর যাতায়াতকে সহজ ও সময় সাশ্রয়ী করেছে মেট্রোরেল। নিয়মিত যাত্রীরা র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার করলেও এত দিন এসব কার্ড রিচার্জ করতে মেট্রোস্টেশনের নির্ধারিত কাউন্টারে লাইনে দাঁড়াতে হতো। ভিড়ের কারণে অনেক সময় রিচার্জ করতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তিও পোহাতে হয়েছে যাত্রীদের।
ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণে সেই ভোগান্তির অবসান ঘটেছে। গত ২৫ নভেম্বর থেকে বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট কার্ডসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করার সুবিধা চালু হয়েছে। ফলে এখন আর কার্ড রিচার্জের জন্য স্টেশনে যেতে হবে না।
বিকাশে যেভাবে রিচার্জ করবেন
বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে ‘মেট্রোরেল’ নির্বাচন করলে www.rapidpass.com.bd পেজে প্রবেশ করা যাবে। সেখানে প্রথমবার ব্যবহারকারীদের নিবন্ধন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ওটিপির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন হয়ে গেলে পরবর্তীতে মোবাইল নম্বর বা ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই হবে।
এরপর রিচার্জ অপশন থেকে র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন নম্বর দিলে রিচার্জের প্রাথমিক প্রক্রিয়া শেষ হবে। রিচার্জ সম্পন্ন হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত বার্তা পাওয়া যাবে।
রিচার্জের সীমা ও ক্যাশব্যাক
অনলাইনে র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ডে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। বিকাশ অ্যাপ ব্যবহার করে রিচার্জ করলে যাত্রীরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাবেন।
নগদ, রকেট ও ক্রেডিট কার্ড
বিকাশের পাশাপাশি নগদ, রকেট এবং ক্রেডিট কার্ডসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জ করা যাবে। এ জন্য মোবাইল বা ডেস্কটপ থেকে www.rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে রিচার্জ করার পর কার্ড এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত রিচার্জের টাকা ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে। একবারে শুধু একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। কার্ড ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ হলে রিচার্জ করা সম্ভব হবে না। ব্যবহারকারীরা অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন।
কার্ড এভিএমে স্পর্শ করার আগে সাত দিনের মধ্যে রিচার্জ বাতিলের আবেদন করা যাবে, তবে এতে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। যদিও বর্তমানে রিফান্ড কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই নতুন সুবিধার ফলে মেট্রোরেলের যাত্রীরা এখন ঘরে বসেই সহজে ও দ্রুত কার্ড রিচার্জ করতে পারবেন, যা যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।