সিলেটের জকিগঞ্জের রসুলপুর এলাকায় রোববার সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষার খুঁটি উপড়ে ফেলে। বিষয়টি দেখে স্থানীয়রা প্রতিবাদ জানান এবং দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত বাগ্বিতণ্ডা ঘটে।
স্থানীয়রা বিএসএফ সদস্যদের কাছে জানতে চান, তারা কার নির্দেশে বাংলাদেশের ভেতরে ঢুকেছেন এবং খুঁটি উপড়েছেন। উত্তেজনার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুশ শহীদ জানিয়েছেন, স্থানটি সীমান্ত এলাকার অংশ, যেখানে সুরমা নদীর এক পাশে ভারত এবং অন্য পাশে জকিগঞ্জের রসুলপুর।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিষয়টি দেখে বিজিবি সদস্যরা বিএসএফকে ডেকে আনেন এবং বাংলাদেশের ভেতরে প্রবেশের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিএসএফকে সতর্ক করা হয়েছে।