google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: আগামীকালের-মধ্যেই-জুলাই-সনদ-বাস্তবায়ন-আদেশ-জারির-দাবি-জামায়াতের
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আগামীকাল শুক্রবারের মধ্যেই জারি করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটি এ দাবি তোলে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “রাষ্ট্র সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন আমরা চাই। তাই সরকারের উচিত আগামীকালকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা। সরকার চাইলে আজ রাতেই এটি করা সম্ভব।”
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “সময়ক্ষেপণ না করে দ্রুত আদেশ জারি করতে হবে। দেরি হলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে।”
তাহের আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া জরুরি, কারণ একই দিনে নির্বাচন ও গণভোট হলে নেতারা নিজ নিজ প্রার্থীর প্রচারণায় ব্যস্ত থাকবেন—ফলে গণভোটের গুরুত্ব হারাবে।”
তিনি আরও যোগ করেন, “গণভোট শেষে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এমন কোনো বিষয় সামনে আনা যাবে না, যাতে নির্বাচনের সময়সূচি অনিশ্চয়তার মধ্যে পড়ে। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।”
সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও হামিদুর রহমান আযাদ।