google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঢাকার-১১-এলাকায়-নিষিদ্ধ-আওয়ামী-লীগের-ঝটিকা-মিছিল,-গ্রেপ্তার-১৩১-নেতা–কর্মী
রাজধানীর ১১টি এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। মঙ্গলবার সকালে এসব এলাকায় আকস্মিকভাবে মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কেউ মিছিলের সময়, আবার কেউ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত ১০ মে জুলাই গণ–অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এবং মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ মো. ওয়াসিম (৪০) ও ফয়সাল (৩০)-কে বায়তুল মোকাররম এলাকা থেকে এবং কায়েস হাসান (২৪)-কে রাজউক ভবনের গলি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি অপারেশনস) রেজাউল করিম বলেন, “জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা–কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এখন অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসী।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে ১২–১৫ জন নেতা–কর্মী ৩০–৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল করেন এবং “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান দেন। খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে ৩০–৪০ জনের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশ সেখানে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া ধানমন্ডি, নিউমার্কেট, আসাদগেট, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, গুলশান ও উত্তরা-সহ আরও বেশ কিছু এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বা মিছিলের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।