google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: জালাল আহমদকে ডাকসু নির্বাচনের আগে হল থেকে বহিষ্কার করা হয়, পুলিশে সোপর্দ করা হয় – ছবি: ফেসবুক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে রুমমেটকে ছুরিকাঘাত করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার মধ্যরাতে হাজী মুহাম্মদ মুহসীন হলে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, জালাল আহমদের এমন নৃশংস কর্মকাণ্ডের জন্য তাঁকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান বাগবিতণ্ডার জেরে জালাল আহমদ রবিউল হককে ছুরিকাঘাত করেন। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালায় এবং শব্দ করতে থাকে। আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোক্রমে আমি আত্মরক্ষা করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে। প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “জালাল আহমদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আসন্ন ডাকসু নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না।”
প্রক্টর আরও জানিয়েছেন, জালাল আহমদের বিরুদ্ধে আগের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে। একই সঙ্গে, হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছে অনেক শিক্ষার্থী। প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যদি উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবিসমূহ পদ্ধতিগতভাবে জানায়, তখন পদক্ষেপ নেওয়া হবে।