ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএর অধ্যাপক মহিউদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সাইফুদ্দীন আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ছাত্রদলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।
খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টসহ নিউমোনিয়া এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ হিসেবে বর্ণনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
এছাড়া, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোয়া ও মোনাজাত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ফুলের তোড়া পাঠিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন।