google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: প্রায়-পাঁচ-বছর-পর-ভারত–চীনের-সরাসরি-ফ্লাইট-পুনরায়-চালু
প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবরের শেষ দিকে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট কিছু শহরের মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এটি ২০২৫ সালের শীতকালীন সূচি অনুযায়ী কার্যকর হবে। নতুন সূচি ২৬ অক্টোবর থেকে শুরু হবে। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থাগুলোকে বাণিজ্যিক এবং অন্যান্য কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সমঝোতা জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক হবে।
ইন্ডিগো এয়ারলাইন্স ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা ২৬ অক্টোবর থেকে কলকাতা–গুয়াংজু রুটে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালু করবে। এছাড়া দিল্লি–গুয়াংজু রুটেও ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে। ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্স বলেন, “ভারত–চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
উল্লেখ্য, ২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারির কারণে ভারত চীনের সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল। পরে বিশেষ ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক রুট খোলা হলেও ভারত–চীন সরাসরি ফ্লাইট চালু হয়নি। এছাড়া ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ-পরবর্তী উত্তেজনাও সরাসরি ফ্লাইট বন্ধ থাকার পেছনের একটি বড় কারণ ছিল।