google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: প্রতিকূল আবহাওয়ায় কিছুটা দেরিতে শুরু হতে পারে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান
প্রতিকূল আবহাওয়ার কারণে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার বেলা ২টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।”
আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান। মূলত বিকেল চারটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও, আবহাওয়ার কারণে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি শুরু হবে জাতীয় সংগীত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। এরপর সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেবেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও ঐকমত্য কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামায় সই করবেন। সবশেষে সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই সনদ প্রণয়নের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরা একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে বলে জানিয়েছে কমিশন।