google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে-বিএনপির-দুই-পক্ষের-সংঘর্ষে-নারীসহ-আহত-১৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত রোববার আমিনুল ইসলামের এক সমর্থক তারিকুলকে প্রতিপক্ষ মারধর করে। এর জের ধরেই মঙ্গলবার নতুন করে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এদিকে উভয় পক্ষের নেতারা দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে।