জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দ্রুত হস্তান্তরের জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুজনকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে অনতিবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাদের হস্তান্তর করার ক্ষেত্রে বাধ্য।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে চলে যান। এ সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মগোপনে গিয়ে পরে ভারতে দেখা দেন এবং সেখানকার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন।
এর আগেও বাংলাদেশ অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও এ বিষয়ে এখনো পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।